কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বল্লমের আঘাতে জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন জানা যায়, জিন্নাতের সঙ্গে পাশের বাড়ির মদির উদ্দিন টেম্পুর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিকেলে জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিমন একটি বল্লম এনে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
অভিযুক্ত লোকমান হাকিম লিমন জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র শক্তি’র রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন শাখার সদস্য হিসেবে সক্রিয় বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেন।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।