জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাচিয়ার সি-অফিস বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে আপস করে ভারতের সঙ্গে লিয়াজোঁ করেছেন।
এ ছাড়া ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
পথসভায় সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপি নিজেদের লোক বসিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের মদদ দাতাদের বিভিন্ন গণমাধ্যমে জায়গা দিয়ে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সারজিস আলম বলেন, সংস্কার কিংবা গণভোট, এই দুইয়ের যে কোনো একটি ছাড়া বিএনপি বৈধ সরকার গঠন করতে পারে না। সেক্ষেত্রে তারেক রহমান বৈধ প্রধানমন্ত্রী এবং সালাউদ্দিন আহমদ বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে গেছেন, ব্রিটিশ শাসক কিংবা পাকিস্তানি শাসকেরাও সেভাবে দেশ ছাড়েননি। লক্ষ্মণ সেনের পর এভাবে কোনো শাসক দেশ ছেড়ে যাননি বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর, তাহসিন রিয়াজ, সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ ও জেলা সদস্য সচিব সুলতান মাহমুদসহ দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।