বন্যা পরিস্থিতিতে চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে সংগঠনটির ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে এ দাবি জানানো হয়। ইসলামী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত। বহু এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় পরীক্ষার্থীরা নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন বাস্তবতায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত শারীরিক দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি এবং মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রশাসনের সমন্বয়হীন ও দায়িত্বহীন সিদ্ধান্তে শিক্ষার্থীদের চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়তে হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়েও সরকারের বিবেচনা করা উচিত।
বৈঠকে অংশ নেওয়া ছাত্রনেতারা বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পরবর্তী সময়ে এমনভাবে সময়সূচি নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় পায়। তারা দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।