চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এর আগে তারা রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ ও পদযাত্রা করেন। পরে তারা সায়েন্স ল্যাব থেকে পদযাত্রা করে শিক্ষা ভবনে পৌঁছান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ প্রদর্শন শেষে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে শিক্ষা ভবনে যান।
আন্দোলনের সময় শিক্ষার্থীরা ‘এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন— ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের বিতরণ করা প্রচারপত্রে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— দুর্যোগপূর্ণ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এই বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। সায়েন্সল্যাব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হন।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে গুলিস্তানগামী সব ধরনের গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মিরপুর রোডের নিউমার্কেট এলাকা এবং আজিমপুর সড়কেও যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। বাস, মিনিবাস ও লেগুনাসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়, আবার অনেকেই বিকল্প পথ ব্যবহার করে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এর ফলে আশপাশের সংযোগ সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ওই এলাকার স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেলা পৌনে ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এক পর্যায়ে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে ধাক্কাধাক্কি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন।