আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা। বন্যা বৃষ্টিতে পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে।
প্রশাসনের ভুল সিদ্ধান্তে কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা পুষিয়ে দেওয়া হবে জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ নম্বর পাবে শিক্ষার্থীরা।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। বেলা পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন। অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ করেছেন তারা।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। তারা বোর্ডের গেটে ইট ছোড়েন, গেটে ধাক্কাধাক্কি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।