সারা দেশে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলভার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।
এ ছাড়া অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদকজাত অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।