Image description

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে স্কুলশিক্ষার্থীদের আবদারে নিজের গাড়িবহর থামিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের অনুরোধে নিজেই সেলফি তোলেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়াসামগ্রীও উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী।

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসসংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ব্যতিক্রমী ও আনন্দঘন ঘটনা ঘটে।

 

রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সোমবার বরিশাল সফর করছেন তারেক রহমান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মহাসড়কের পাশে অবস্থান নেন। তাদের উপস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী তার গাড়িবহর থামানোর নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।

শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি নিজে তাদের সঙ্গে সেলফি তুলেছেন এবং ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন। এটি আমাদের বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে।’

 

এর আগে সফরসূচি অনুযায়ী, সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।