Image description

কুমিল্লার বুড়িচংয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে ইব্রাহিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম। রোববার (১৩ জুলাই) বিকেলে মোকাম ইউনিয়নের নিমসার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম একই এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে ওই ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। রোববার দুপুরে পাশের কক্ষের ভাড়াটিয়ারা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি বাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় ছয় মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়াবাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই কলহ হতো।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের অবস্থা ও আলামত দেখে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের দ্বিতীয় স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

শীর্ষনিউজ