কুমিল্লার তিতাস উপজেলার আবদুর রহমান সুহাইল নামে এক যুবক মধ্যাকর্ষণ বল ব্যবহার করে জ্বালানিবিহীন শক্তি উৎপাদনের একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। তিনি সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা চান না; বরং বিশেষজ্ঞদের মাধ্যমে তার উদ্ভাবনের কার্যকরী বৈজ্ঞানিক ও গাণিতিক মূল্যায়ন এবং সফল প্রমাণ হলে জাতীয় ও আন্তর্জাতিক পেটেন্টে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
সুহাইল জানান, ২০২২ সালের শেষদিকে তার গবেষণার মূল ধারণা আসে এবং ২০২৩ সালে তিনি তাত্ত্বিকভাবে সফল হন। এরপর প্রায় এক বছর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে একটি ডেমো প্রোটোটাইপ তৈরি করেন। গবেষণার ব্যয় মেটাতে তিনি দিনমজুর হিসেবেও কাজ করেছেন বলে জানান।
তিনি গত ৬ জুলাই বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তার উদ্ভাবন ও প্রস্তাবনা লিখিতভাবে উপস্থাপন করেন। তার প্রস্তাবের মধ্যে রয়েছে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন কমিটি গঠন এবং উদ্ভাবনের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা এবং সফল হলে সরকারি উদ্যোগে পেটেন্ট সম্পন্ন করা।
সুহাইলের দাবি, উদ্ভাবনটি বৈজ্ঞানিকভাবে কার্যকর প্রমাণ হলে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন শক্তি উৎপাদনের সম্ভাবনা উন্মোচন করতে পারে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক মর্যাদা অর্জনে ভূমিকা রাখতে পারে। পেটেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ প্রকাশ করবেন না। তবে আগ্রহীরা চাইলে তার ডেমো প্রোটোটাইপ দেখতে পারবেন এবং এ বিষয়ে বৈজ্ঞানিক ও গাণিতিক প্রশ্ন করতে পারবেন।
তিনি আরো জানান, তার অন্যান্য গবেষণা প্রকল্পের মধ্যে রোবোটিক কুকার, ওয়াটার বুট ও সেফটি গ্যাজেট রয়েছে।