সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। সেই সঙ্গে ওইদিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত মুহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
এছাড়াও একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।