চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে। স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে অন্য কবরস্থানে স্থানান্তরের উদ্যোগ নেন। নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থান থেকে মরদেহ তিনটি ভেসে উঠে।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ বলেন, পানির প্রবল স্রোতে মরদেহ তিনটি কবরস্থান থেকে ভেসে ওঠে। এরপর সেগুলো অন্য কবরস্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর বন্যার সময় সাঙ্গু নদীর পানির স্রোতে এ মসজিদের কবরস্থান থেকে অনেক মরদেহ ভেসে যায়। কিন্তু এ সমস্যা সমাধানের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর পাড়ের অংশে টেকসই বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হবে।