Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা–মিসর ফুটবল ম্যাচ চলাকালে মিসরের গোলে উল্লাসকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠুর (৩৫) নাকে গুরুতর আঘাত লাগে। অপর আহত ব্যক্তি আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)।

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা–মিসর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। এতে মিঠুর নাক ফেটে যায় এবং সাকিব মাথায় আঘাত পান। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

 

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, মধ্যরাতে খেলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার নাকে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার পর্যন্ত আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।