Image description

সিলেট প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অথচ বিগত ১১ দিন ধরে অভিভাবকহীন অবস্থায় স্থবির হয়ে পড়েছে এই জনপদের জেলা প্রশাসন। আলোচিত সাবেক ডিসি সারওয়ার আলমকে হুট করে প্রত্যাহারের পর গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন জারির ১১ দিন পার হলেও তিনি কর্মস্থলে যোগ দিতে পারেননি। এমনকি গত ১ জুলাই বুধবার সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েও ঢাকার বিমানবন্দর থেকে ফিরে যান তিনি।

 

হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ডিসি সারওয়ার আলম। কিন্তু এই সৎ ও সাহসী উদ্যোগের মাত্র তিন দিনের মাথায় গত ২১ জুন তাকে আকস্মিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোনো কারণ না দর্শিয়ে তাকে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সিলেটের সচেতন নাগরিক সমাজ। তীব্র প্রতিবাদ কর্মসূচির মধ্যেই গত ২৩ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) ভারপ্রাপ্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে সিলেট ছাড়েন সারওয়ার আলম।

 

সরেজমিনে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দেখা যায় এক অভূতপূর্ব নীরবতা। প্রশাসকের মূল কক্ষটি তালাবদ্ধ এবং ফাঁকা পড়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের আনাগোনাও নেই বললেই চলে। বর্তমানে ৩য় তলায় এডিএমের কক্ষে বসে রুটিন কাজ সামলাচ্ছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।

 

নতুন ডিসির যোগদান না করার বিষয়ে জানতে চাইলে এশিয়া পোস্টকে পিংকি সাহা বলেন,‘গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছিল নতুন ডিসি স্যার আসবেন। কিন্তু পরে আবার জানানো হয় তিনি আসছেন না। কী কারণে তিনি আসেননি, তা আমাদের জানা নেই। এটা সম্পূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।’

 

প্রশাসন ও রাজনৈতিক একাধিক সূত্র নিশ্চিত করেছে, নতুন ডিসি মু. রেজা হাসান সিলেটে যোগদানের উদ্দেশ্যে ইতোমধ্যে কুমিল্লা থেকে বিদায় নিয়েছেন এবং কুমিল্লার নতুন ডিসি হিসেবে রোজী আক্তার দায়িত্বও বুঝে নিয়েছেন। মাঝপথে রেজা হাসান আটকে গেছেন রাজনৈতিক বেড়াজালে। এখন সিলেটে আবার নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন হতে পারে।

 

একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা এভাবে দিনের পর দিন ডিসিশূন্য থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের বিশিষ্টজনেরা। সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সিনিয়র সহসভাপতি ইকবাল সিদ্দিকী এশিয়া পোস্টকে বলেন, ‘সিলেট প্রশাসনিক ও মানচিত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে ১০ দিনেরও বেশি সময় ধরে জেলা প্রশাসক না থাকা অত্যন্ত দুঃখজনক। এর ফলে যে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে।