নীলফামারীর ডিমলা উপজেলার চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ (মালিশ) করানোর অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা মেলায় এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তার কর্তৃক এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর মালিশ করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।