Image description

লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসায় মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মী ‘চাকরি ছেড়ে দেবেন’ বলায় ক্ষিপ্ত হয়ে আরও বেশি পেটানোর অভিযোগ ওঠে দোকান মালিক কবির হোসেনের বিরুদ্ধে। 

সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে কবির নিজেই সাংবাদিকদের কাছে ঘটনাটি স্বীকার করেছেন। 

আহত সোহাগ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে ও শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার। কর্মস্থলে দেরিতে আসায় সোমবার বেলা ১১টার দিকে দোকান মালিক কবির তাকে পিটিয়ে আহত করে।

আহত সোহাগ বলেন, সমস্যা থাকার কারণে দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উল্টাপাল্টা কথা বলেন। পরে আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলি। এ সময় কবির, তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন। আমার হাত-পায়ে আঘাত করেছেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, আমি কখনো সোহাগকে একটি ফুলের টোকাও দিইনি। কিন্তু কবির আমার ছেলেকে বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালে শুয়ে আছে। 

দোকান মালিক কবির হোসেন বলেন, সোহাগ প্রতিদিনই কাজে দেরিতে আসে। আজও সে দেরিতে এসেছে। কারণ জানতে চাইলে সে চাকরি ছেড়ে দেবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে আমি মেরেছি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি জানা নেই। কেউ আমাদেরকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।