Image description

কর নথি (ফাইল) অডিটের কথা বলে অর্থ আদায়ে সক্রিয় প্রতারক চক্রের বিষয়ে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র করদাতাদের কর নথি অডিটে পড়েছে বলে বিভিন্ন ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, রকেট, নগদ, ব্যক্তিগত ব্যাংক হিসাব কিংবা অন্য কোনো ব্যক্তিগত মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

সন্দেহজনক কোনো ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।

এছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই এ ধরনের প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।