Image description

কুমিল্লার লালমাইয়ে ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ ৩৩স্থাপনা রেখেই খাল খননের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়া বাজারে খালের জমি পুনরুদ্ধার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

তাদের অভিযোগ, দরবেশপাড়া বাজারের উত্তর পাশে একাধিক বাড়িঘর উচ্ছেদ করে খাল খনন করলেও বাজারে এসে খালের উপর দাঁড়িয়ে থাকা ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়নি। এখানে খাল খননের পরিবর্তে শুধুমাত্র ময়লা পরিষ্কার করা হয়েছে। দরবেশপাড়া বাজার অংশে খালটি দ্রুত দখলমুক্ত করে কার্যকর খননের দাবি এলাকাবাসীর।

 

 

জানা গেছে, পাঁচ মাস আগে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর সংযোগ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন । মন্ত্রী খালের ওপর গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দিয়ে গেলেও কার্যত দরবেশ বাজার অংশে স্থাপনা উচ্ছেদ না করেই খনন কাজ চালায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দরবেশ বাজারে খালের উপর ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই দায়সারাভাবে খনন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালের প্রস্থ বা চওড়া কমপক্ষে ৩০ ফুট হওয়ার কথা থাকলেও বাজার অংশে এসে কোথাও ১০ ফুট, কোথাওবা ১৫ ফুট কাটা হয়েছে। স্থানীয়রা জানায়, প্রতি দোকান থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নিয়ে ছোট ভেকু এনে খালের উপর অবৈধভাবে গড়ে দোকানগুলো অক্ষত রেখে মাটি কাটা হয় ।

 

জানতে চাইলে পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি রিংকু বলেন, খালের বেশিরভাগ অংশেই বাড়িঘর ছিল। সংশ্লিষ্টদের নির্দেশনায় সকল অবৈধ বাড়িঘর উচ্ছেদ করে যথাযথ মাপ নিয়ে বাজারের উত্তর অংশের খাল খনন করলেও বাজার অংশে এসে অবৈধ দোকানগুলো উচ্ছেদ হয়নি।

 

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, আমি যোগদানের পরই বিষয়টি শুনেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, দেশব্যাপী চলমান নদী ও খাল খনন কর্মসূচির পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। লালমাইয়ে খাল খনন কার্যক্রম শুরুর দিনই বলে এসেছি, যারা খাল দখল করেছে তাদের দখলদায়িত্ব ছেড়ে দিতে হবে। সুতরাং সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা রাখার সুযোগ নেই। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।