নির্ধারিত সময় শেষ হলেও বাস্তবায়ন হয়নি নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী এলাকায় একটি প্রকল্পের কাজ। কাজ না করেই বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের কোণা থেকে নন্দনের বাড়ি পর্যন্ত সড়কে মাটি ভরাটের প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার টাকা।
নিয়ম অনুযায়ী, প্রকল্পটির কাজ ২০২৫-২০২৬ অর্থবছরের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে দেখা গেছে ভিন্নচিত্র। বৃহস্পতিবার (২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প এলাকায় কোনো কাজই করা হয়নি।
স্থানীয় বাসিন্দা নূরুল আলম, বাবুল ও শহীদ মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিবছরই এই সড়কের নামে বরাদ্দ আসে, কিন্তু সময়মতো কাজ করা হয় না। তারা অভিযোগ করেন, এলাকার মানুষ প্রতিবাদ করলে উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়। এবছরও বরাদ্দ এলেও এখন পর্যন্ত কোনো কাজ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প কমিটির সভাপতি সফিয়ন তালুকদার বলেন, পিআইও অফিস থেকে আমাদের বিল দেওয়া হয়নি। তাই সময়মতো কাজ করতে পারিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, বালালী এলাকার প্রকল্পের বিল ছাড় দেওয়া হয়েছে। কমিটি বিল নিয়েছে কি না, তা খোঁজ নিয়ে বলতে হবে। তবে প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে কি না—এ প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, কাজ না করে বিল নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।