Image description

মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘর্ষের জেরে ফের বিকট শব্দে কেঁপে উঠেছে এপারের সীমান্ত উপজেলা টেকনাফ। গত বুধবার রাত ৯টার পর হঠাৎ করেই পর পর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দে থরথর করে কেঁপে ওঠে সীমান্ত এলাকা হ্নীলা থেকে শাহপরীর দ্বীপ। ঘরবাড়ি কেঁপে ওঠার কারণে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও সীমান্ত এলাকার বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী (জান্তা সরকার) বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মিকে লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বিমান হামলা ও ভারী বোমাবর্ষণ করেছে। মূলত সেই শক্তিশালী বোমা বিস্ফোরণের বিকট শব্দ এবং কম্পন সীমান্ত পেরিয়ে বাংলাদেশের টেকনাফে অনুভূত হয়। সীমান্তবর্তী বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে ওপারে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও গত রাতের এই আচমকা বিকট শব্দ ও কম্পন তাদের নতুন করে উদ্বেগের মধ্যে ফেলেছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বুধবার রাত ৯টার দিকে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ টেকনাফের সীমান্তবর্তী এলাকাতেও শোনা যাচ্ছে, এ কারণে অনেক স্থানে ঘরবাড়ি কেঁপে উঠেছে। তিনি আরও বলেন, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিজিবি, কোস্ট গার্ডসহ সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে আছে।