উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষায় এবার প্রথম দিনের অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭৮৪ জন। গত বছর পরীক্ষার প্রথম দিন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আগের বছর প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ পরীক্ষার্থী। গতকাল প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য জানান।
এ ছাড়া এ বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশ পরীক্ষা দেয়ার জন্য ফরম পূরণই করেননি। মানে পরীক্ষায় অংশ নিচ্ছেন না। দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
প্রথম দিনের পরীক্ষা শেষে সৈয়দ আক্তারুজ্জামানের সই করা পরীক্ষাসংক্রান্ত দৈনন্দিন তথ্যে বলা হয়, প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় ১৭ হাজার ২৩৩ জন অনুপস্থিত ছিলেন। আর ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (কোরআন মাজিদ বিষয়) ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন (বাংলা-২) ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া মাদ্রাসায় একজন ও কারিগরিতে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
গত বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।