Image description

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সামাজিক কবরস্থানে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গাছপালা ও কবরের ওপর গজিয়ে ওঠা ছনগাছ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মঙ্গলবার (৩০ জুন) কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া ঈদগাহ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কবরস্থানের ভেতরে আগুন দেয়।

এতে কবরের ওপর জন্মানো ছনগাছ, ঝোপঝাড় ও কয়েকটি গাছ পুড়ে যায়। সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে আগুনে পোড়া বিভিন্ন অংশ দেখতে পান। পরে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানানো হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, কবরস্থান একটি ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।

সেখানে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা শুধু সম্পদের ক্ষতিই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার বলেন, কবরস্থানের মতো পবিত্র স্থানে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।