বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৮ জুন) প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এদিকে, ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে, সাক্ষাতে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক বিনিময়, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও উন্নত ও জোরদার করতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।