Image description

বিদেশি আগ্নেয়াস্ত্র কেনা-বেচার খবর পেয়ে আটকাতে গিয়েছিল পুলিশ। চার তরুণকে আটক করে অস্ত্রও উদ্ধার করা হয়। কিন্তু যাচাই-বাছাইয়ে দেখা গেল সেটি আসলে রিভলবার আকৃতির গ্যাস লাইটার।

প্রায় একঘণ্টা ধরে অভিযানের পর চার তরুণ আর গ্যাস লাইটার নিয়ে থানায় ফিরে আসে পুলিশ।

আজ রবিবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামে পুলিশ এ অভিযান চালায়।

আটক চারজন হলেন আকিব হোসেন (১৮), শহিদুল ইসলাম (২০), ইকরাম হোসেন (১৯) ও রুবেল হোসেন হৃদয় (১৯)।

 

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের ভাষ্য, ‘চার তরুণ অস্ত্র বিক্রির জন্য যাবে বলে আমাদের কাছে খবর আসে। সেই অনুযায়ী আমরা তাদের ধরার জন্য ফাঁদ পাতি। আটকের পর দেখা গেল, তারা আসলে আগ্নেয়াস্ত্র বিক্রির নামে প্রতারণা করতে গিয়েছিল। অস্ত্রের নামে গ্যাস লাইটার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল তারা।’

 

আটক তরুণদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে ইচ্ছুক এক বা একাধিক ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করা হবে বলে ওসি জানালেন।

পুলিশের তথ্য, উদ্ধার করা রাইফেল আকৃতির ধাতব বস্তুটি চীনে তৈরি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং সরাসরি দোকানেও সেগুলো কিনতে পাওয়া যায়। সৌখিন লাইটার হিসেবে ব্যবহার করা হয়।