Image description

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী (২৪) গ্রেপ্তার হয়েছেন।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।

গ্রেপ্তার সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি বলেছেন, ‘তাকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’