Image description

চট্টগ্রাম নগরীতে গ্যাসের পাইপলাইন ফেটে হঠাৎ সড়কে আগুন জ্বলে ওঠে। এ সময় যানবাহনের যাত্রী ও পথচারীসহ আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

আজ রবিবার দুপুরে নগরীর খুলশী থানার ফয়’সলেক এলাকায় জাকির হোসেন সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। দুটি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়কের পাশে নালার ভেতর গ্যাস সরবরাহ লাইনের পাইপ ফেটে যায়। পাইপলাইন থেকে গ্যাস নির্গত হতে থাকে। একপর্যায়ে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে থাকে।

 

পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানালেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ তাজউদ্দিন ঢালী।

বললেন, ‘পাইপ পুরোপুরি ফেটে যায়নি। লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। সেখান থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। বড় কোনো সমস্যা হয়নি। এখন আমরা লিকেজ মেরামত করছি।’