বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস পার করল দেশের শেয়ারবাজার। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। সূচক বৃদ্ধির পাশাপাশি দুই বাজারেই সিংহভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মোট লেনদেনের অঙ্ক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে স্থিতি নিয়েছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি বড় কোম্পানিগুলোর জোট ‘ডিএসই-৩০’ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ পয়েন্টে এবং শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৬ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, বিপরীতে কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
বাজারের এই চাঙ্গাভাবের দিনে বিনিয়োগকারীদের সক্রিয়তায় ডিএসইতে মোট ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এই লেনদেন আগের কার্যদিবসের চেয়ে ২৬০ কোটি ২৯ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেনের অঙ্ক ছিল ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা।
ডিএসইর ধারাবাহিকতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় উত্থান দেখা গেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ‘সিএএসপিআই’ আজ ২০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৪ পয়েন্টে। বাজারটিতে আজ ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির মূল্য। দিনশেষে সিএসইতে মোট ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
আজকের বাজারে একক আধিপত্য দেখিয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি একই সঙ্গে লেনদেনের শীর্ষস্থান এবং দর বৃদ্ধির তালিকার এক নম্বরে অবস্থান করছে। দিনভর ১৫ হাজার ৯৭৩ বারে কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৮১৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ১০৫ কোটি ৫৬ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ৯.৮৫ শতাংশ।
ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনসিসি ব্যাংক। যার লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া ৪০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি (আইটিসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অন্যদিকে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ৯.২৯ শতাংশ এবং ৮.৫০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। অন্যান্য দর বাড়ার শীর্ষ তালিকায় ছিল ফারইস্ট নিটিং, ক্রাউন সিমেন্ট, ডমিনেজ স্টিল, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইটিসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক।