Image description

সাভারে ছাত্রদল নেতার মারধরের শিকার হয়ে রিপন ঋষি নামে এক কিশোরের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ পুলিশ যখন আসামিদের খুঁজে পাচ্ছে না বলে দাবি করছে ঠিক তখনই মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামির প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন।

হামলার শিকার রিপনের ভগ্নিপতি স্বপন সূত্রধর জানান, গত ৩০ মে সাভারের রাজাশন এলাকায় এক ছেলের সঙ্গে রিপনের ধাক্কা লাগে। পরে ২ জুন রিপনকে একা পেয়ে কয়েক জন যুবক পালোয়ন পাড়া ছাত্রদলকর্মী বাদশার অফিসে জোর করে ধরে নিয়ে যান। পরে বাদশা সজিবসহ বাকিরা রিপনকে এলোপাতাড়ি মারধর করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানালেন, কিশোরকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

প্রধান আসামি সাভারের দেওগাঁ এলাকায় প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন এ বিষয়ে জানতে চাইলে তার ভাষ্য, ভিডিওটি দেখেছি। তবে স্থানটি কোথায় তা জানা যাচ্ছে না।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বললেন, আসামিরা কিভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছে আমার জানা নেই। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।