আওয়ামীপন্থী বিভিন্ন একাউন্ট থেকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, “তুরাগ নদীতে ভেসে যাচ্ছে সুমনের মরদেহ।’’ ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লাশ নদীতে ভাসছে। একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে অনেকেই ভিডিও ধারণ করছেন।
দেখুন এখানে (আর্কাইভ), এখানে, এখানে, এখানে ও এখানে।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, তুরাগ নদীতে ছাত্রলীগ নেতার লাশ ভেসে যাওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। এটি মূলত সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীতে ‘অজ্ঞাত ব্যক্তির’ লাশের ভিডিও।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পৌর শহরের কাঁচাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে সুমনের বয়স ১৭ বছর উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। অথচ সিলেটে উদ্ধারকৃত লাশের বয়স পুলিশ অনুমান করেছে ৪৫ বছর।
ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে সিলেটের স্থানীয়দের ফেসবুক একাউন্টে প্রচারিত একাধিক ছবি ও ভিডিও খুঁজে পাওয়া গেছে। দেখুন এখানে, এখানে ও এখানে
তাছাড়া স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। দেখুন এখানে, এখানে ও এখানে ও এখানে।
স্থানীয়দের ফেসুবকে প্রচারিত ছবি ও ভিডিও এবং সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে ‘‘ছাত্রলীগ নেতার লাশের দাবিতে’’ ছড়িয়ে পড়া ভিডিটির লাশের ছবির মিল রয়েছে।
খবর অনুযায়ী, সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পৌর শহরের কাঁচাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে সংবাদমাধ্যমটি লিখেছে, এদিন বিকেল ৪টার দিকে নদী সংলগ্ন খেওয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তুলে আনে।
পুলিশ বলেছে, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মরদেহটিতে পচন ধরে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মরদেহের দৃশ্যমান অবস্থা দেখে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
বিষয়টির সত্যতা নিশ্চিতের জন্য গোলাপগঞ্জের স্থানীয় সাংবাদিক ফাহিম আশরাফ দ্য ডিসেন্টেকে বলেন, ‘‘ভিডিওটি গতকালকের (শুক্রবার) গোলাপগঞ্জের লাশ উদ্ধারের ঘটনার।’’
এ বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম দ্য ডিসেন্টকে জানান, আমরা সেখান থেকে একটি লাশ উদ্ধার করেছি। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা ফরেনসিকের জন্য লাশটি পাঠিয়েছি। পরীক্ষা-নীরিক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।