Image description

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে চোরাকারবারিদের হামলা ও গুলির ঘটনায় ব্যবহার করা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটিতে ৬ রাউন্ড গুলি ভর্তি ছিল। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কাটাবিল এলাকার শ্রাবণকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুসারে একটি বাড়ির পরিত্যক্ত স্থান থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়েছে। এই পিস্তলটি বৃহস্পতিবারের ঘটনায় ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরো পিস্তল ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি ।

প্রধান আসামি অপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অপুর নামে প্রায় দশটি মামলা রয়েছে । এছাড়াও আরেক গ্রুপের সাব্বির তার নামেও মামলা রয়েছে ।

এর আগে হামলা ও গুলির ঘটনায় গুলিবিদ্ধ ইথান আহমেদ প্রেম (১২) এর বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় হামলায় মাদক কারবারি সাব্বির ও অপুসহ ৬ জনের নামে মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করেছে। পুলিশ বলছে, মামলার অভিযোগে গ্রেপ্তার শ্রাবণের নাম না থাকলেও ঘটনার সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এদিকে ঢামেকে ভর্তি গুলিবিদ্ধ স্কুলছাত্র প্রেমের শরীর থেকে এখনও গুলি বের করা যায়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুস মিয়া। তিনি বিকেল ৫টার দিকে মুঠোফোনে বলেন, কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে না পারায় সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। কিন্তু গুলি বের করা হয়নি। গুলির ক্ষত স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমরা রক্ত দিচ্ছি। শুক্রবার বিকেলের দিকে বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। জানি না কখন গুলি বের করা হবে।

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহম্মেদ প্রেম (১২) কাটাবিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা মো ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।