মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও তিনজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে বিএসএফ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের মুখে তাদের ফেরত নিয়ে যায়।
ধলা সীমান্তের বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।’
তিনি বলেন, ‘বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে বিএসএফ ফিরিয়ে নিয়ে যায়।’
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ চার দফায় মোট ২৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে প্রতিবারই বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।