Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। বুধবার সকালে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানের দরজা ভেঙে যাত্রীদের নিরাপদ স্থানে বের করে আনা হয়।

এসময় বিমানে থাকা ৭০ জন যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন। পরে সকাল ৮টার দিকে বিমানটি আবার উড্ডয়ন করে।

জানা গেছে, ইঞ্জিনে ত্রুটির বিষয়টি জানাজানি হতেই উড়োজাহাজের ক্রুদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ও সমন্বয়হীনতা দেখা দেয়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মালামাল (লাগেজ) নিয়ে বিমান থেকে নামার জন্য অনেকেই হুড়োহুড়ি শুরু করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ককপিটের মনিটরিং সিস্টেমে অগ্নি-সতর্ক সংকেত দেখা দিলে পাইলট তাৎক্ষণিক বিমান থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। উড্ডয়নের প্রস্তুতি চলাকালে এ ঘটনা ঘটে। তিনি বলেন, পাইলট নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।

ফ্লাইটটি সকাল ৭টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘটনার পর শেষ পর্যন্ত সকাল ৮টার দিকে ঢাকা ছেড়ে যায়।