Image description

কাঁচা বয়স, কাঁচা টাকা এবং কাঁচা তরকারি—এই তিনটি জিনিস খুব দ্রুত নষ্ট হয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় নিয়ে এই সতর্কবাণী দিয়েছেন তিনি।

বদিউর রহমান বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ধৈর্য কমে যাচ্ছে এবং তারা মব কালচারের দিকে ঝুঁকে পড়ছে, যা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অল্প বয়সে রাজনীতির ভুল পথে পা বাড়ানো বা কাঁচা টাকার লোভে পড়া একটি গোটা প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাটা তরুণদের জন্য এখন সবচেয়ে জরুরি।

তিনি বলেন, বর্তমান সময়ের তরুণদের উচিত কাঁচা টাকার মোহ ত্যাগ করে নিজেদের দক্ষতা ও মেধার ওপর আস্থা রাখা। শর্টকাটে ধনী হওয়ার প্রবণতা তরুণদের সৃজনশীলতাকে নষ্ট করে দিচ্ছে। সঠিক দিকনির্দেশনা ও মেন্টরশিপের অভাবে তরুণরা বিপথে যাচ্ছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তরুণদের মূল্যবান সময় ও মেধা গ্রাস করছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হবে বলেও তিনি মত দেন। তরুণদের মনে রাখতে হবে যে পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সৎ পথে অর্জিত সাফল্যই স্থায়ী হয়। কাঁচা টাকার মোহে অন্ধ না হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য তিনি তরুণদের আহ্বান জানান।