Image description

আগামীর সময়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে পিছু হটল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বিশ্বখ্যাত মিসরীয় নির্মাণ জায়ান্ট ওরাসকম এবং দি আরব কন্ট্রাক্টরসের নাম ভাঙিয়ে ৩০ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাগিয়ে নেওয়ার চেষ্টাকারী জালিয়াত চক্রটির চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে চসিক।

গতকাল বুধবার চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের আদেশে এবং তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাতিলের এই সিদ্ধান্ত জানানো হয়।

চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এই অফিস আদেশটি বুধবারই কার্যকর করা হয়েছে।

এ প্রসঙ্গে সিটি মেয়র বলেছেন, ‘চুক্তি বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, গত ২২ জুন ঢাকার মিসরীয় দূতাবাস এক চিঠির মাধ্যমে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) নিশ্চিত করে অভিযুক্ত কাউছার আলম চৌধুরী ওরাসকম বা আরব কন্ট্রাক্টরসের কোনো অনুমোদিত প্রতিনিধি নন। এরপর গত ২৩ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চসিককে এই জালিয়াতির বিষয়ে কঠোর বার্তা ও নির্দেশনা পাঠানো হয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চূড়ান্ত নথির ভিত্তিতেই মেয়র ডা. শাহাদাত হোসেন জালিয়াতি চক্রের হোতা কাউছার আলম চৌধুরীর সঙ্গে সই করা আগের সব চুক্তি বাতিলের ফাইলে সই করেন।

চসিকের অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ‘Arab Contractors Orascom Peninsula Consortium’-এর প্রতিনিধি হিসেবে দাবি করা কাউছার আলম চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৫ সালের ২৪ জুন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু ঢাকার মিসরীয় দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি প্রমাণিত হয়েছে, কাউছার আলম চৌধুরী উক্ত কনসোর্টিয়ামের কোনো অনুমোদিত প্রতিনিধি নন। এমতাবস্থায় চসিকের স্বার্থে উক্ত সমঝোতা চুক্তি বাতিল করা হলো।’

এর আগে ২০ জুন ‘সবাইকে বোকা বানিয়ে মনোরেলে অদ্ভুত ধোঁকাবাজি’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশ করে আগামীর সময়। এরপর বিষয়টি ধরা পড়ে।