Image description
জুলাইয়ে বিতর্কিত ভূমিকা

জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা ও নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

 এ ছাড়া অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া এবং সমাজমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জেরে বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, আইন উপদেষ্টার সুপারিশক্রমে জুলাই অভ্যুত্থানে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক আজম সাহেবের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগে একাডেমিক কমিটি থেকে সুপারিশ আসে। এটিও আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নানান অভিযোগের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে সিন্ডিকেটের ওই সভায় শিক্ষার্থীদের যৌননিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন পায়। ফলে স্থায়ী বহিষ্কার হতে পারেন অধ্যাপক এরশাদ। রসায়নের ওই শিক্ষকের বিষয়টি বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠিয়েছে, এখন ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানান অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী।

ঢাবির ৩ কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত : ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে) মোছাম্মৎ শারমিন জাহান। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডসহ পৃথক পৃথক অভিযোগে তিনজন কর্মকর্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তাঁরা বিধিমোতাবেক জীবনধারণ ভাতা পাবেন। ২২ জুন ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাঁদের সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।