Image description

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যোগ শুধুমাত্র আত্মাকে সংযুক্ত করার একটি কৌশল নয়, এটি একটি সম্পূর্ণ জীবনধারা। 

রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। রোববার সকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে যোগপ্রেমী, শিক্ষার্থী, ওয়েলনেস প্র্যাকটিশনার এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, পশ্চিমা দর্শন যেখানে কেবল শরীরকে নিয়ে কাজ করে, সেখানে প্রাচ্যের বা ভারতীয় দর্শন প্রথমে আত্মাকে পরিশুদ্ধ করে, যার ফলে মন ও শরীর স্বয়ংক্রিয়ভাবে সুস্থ হয়ে ওঠে। 

যোগাভ্যাস মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম বলে তিনি মত প্রকাশ করেন। 

প্রতিবছর ২১ জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবস ভারতের প্রাচীন যোগচর্চার বৈশ্বিক স্বীকৃতির প্রতীক। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা অর্জনে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘যোগা ফর হেলদি এজিং’, যা জীবনের সব পর্যায়ে দীর্ঘায়ু, শারীরিক সক্ষমতা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে যোগব্যায়ামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন যোগা প্রটোকল’ (সিওয়াইপি) সেশন।

আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহনাজ পারভীন এবং তার শিক্ষার্থীরা এ সেশন পরিচালনা করেন। এতে উপস্থিত বিপুলসংখ্যক অংশগ্রহণকারী উৎসাহের সঙ্গে নবীন ও মধ্যম স্তরের অনুশীলনকারীদের জন্য নির্ধারিত বিভিন্ন যোগাসন এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করেন।

এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য যোগ প্রতিষ্ঠানের সদস্যরা যোগব্যায়াম প্রদর্শন করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জয়সান যোগা, হু আর্ট অব যোগা, সেলফ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন যোগা স্কুল, নটর ডেম যোগা অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং ব্রহ্মাকুমারীসের ‘দ্য একাডেমি অব এ বেটার ওয়ার্ল্ড’।

তাদের পরিবেশনায় বাংলাদেশে যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বৈচিত্র্যের চিত্র ফুটে ওঠে।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আয়ুর্বেদ লাউঞ্জ’, যেখানে স্বাস্থ্য ও সুস্থতার সামগ্রিক পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। লাউঞ্জটিতে দ্য আয়ুর্বেদা মেডিক্যাল অ্যান্ড রিসার্চ, ঔষধি ল্যাবরেটরিজ এবং ওশিন ন্যাচারালস পৃথক প্রদর্শনী কিয়স্ক স্থাপন করে দর্শনার্থীদের আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য প্রদান করে। পাশাপাশি ভারতীয় হাইকমিশনের লাইব্রেরিতে সংরক্ষিত আয়ুর্বেদবিষয়ক বইও জনসাধারণের জন্য প্রদর্শন করা হয়।

মূল অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পরিচালিত বিস্তৃত সচেতনতামূলক কার্যক্রমের সমাপনী আয়োজন।

গত ৬ মে অনুষ্ঠিত কার্টেন-রেইজার কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। এরপর আইজিসিসি ও ভারতীয় হাইকমিশন, ঢাকা বিভিন্ন যোগ প্রতিষ্ঠান, গণমাধ্যম সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় সারা দেশে ৩৬টিরও বেশি যোগবিষয়ক প্রাক-অনুষ্ঠানের আয়োজন ও সহায়তা প্রদান করে। এসব কার্যক্রমের মাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করা হয়।

আয়োজকদের মতে, এ আয়োজন যোগব্যায়ামকে সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণের এক শক্তিশালী মাধ্যম হিসেবে পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে এটি বাংলাদেশের মানুষের মধ্যে যোগচর্চার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও ইতিবাচক সাড়ারও প্রতিফলন ঘটিয়েছে।