Image description

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স গার্মেন্টসের সামনে মধ্যরাতে ক্ষুর ঠেকিয়ে লুটের অভিযোগ করেছেন এক যুবক। যেখানে এমন ঘটনা ঘটছে, তার ঠিক ১০০ গজ দূরে চেকপোস্ট পরিচালনা করছিল ধামরাই থানা পুলিশ। রাতে চেকপোস্টের পাশে পুলিশের একটি ভ্যানের পাশে এক পুলিশ সদস্যের সঙ্গে ওই ভুক্তভোগীকে কথা বলতে দেখা যায়। আর সেখানে দাঁড়িয়েই এই প্রতিবেদক ভুক্তভোগীর বক্তব্য নিলেও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

 

শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমন ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মো. শাকিল। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া এলাকার বাসিন্দা।

 

রাত আড়াইটার দিকে চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যানে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় ওই যুবককে। তিনি বলেন, পেশাগত প্রয়োজনে ঢাকার বাইরে থেকে এসে রাত সাড়ে ১২টার দিকে ধামরাই ঢুলিভিটা এলাকায় এসে নামেন তিনি। ঢুলিভিটা স্নোটেক্স কারখানার ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২০-২৫ বছর বয়সী অন্তত তিনজন ক্ষুর ঠেকিয়ে তার একটি মোবাইফোন ও মানিব্যাগের সব টাকা ছিনিয়ে নেয়। সব হারিয়ে তিনি কাছের চেকপোস্টে এসে পুলিশ সদস্যদের সহায়তা চান শাকিল।

 

তবে পুলিশ সদস্যের সঙ্গে ভুক্তভোগীকে কথা বলতে দেখলেও চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেন।

 

চেকপোস্টে দায়িত্বরত ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। রাতে আমি চেকপোস্টে ছিলাম, তবে আমাকে কেউ এমন কোনো অভিযোগ করেননি।

 

ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, এরকম কিছু জানা নেই। এমন কোনো অভিযোগ পাইনি।