Image description

কুমিল্লার মেঘনা উপজেলায় রূপান্তর বাস সার্ভিসের স্টাফদের মারধর করার অভিযোগ উঠেছে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমানের বিরুদ্ধে।

 

 

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নেতারা এ খবর জানতে পেরে রোববার (২১ জুন) রাত ৮টায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

 

জেলার যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন সোহেল স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবর নিয়ে জানা যায়, রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে রূপান্তর বাসের হেলপার ও চালককে মারধর করে ছাত্রদল নেতা সোলাইমান।

 

রূপান্তর বাস সার্ভিসের মালিকপক্ষের সূত্রে জানা গেছে, সোলাইমান মিয়া ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি টিকিট না কেটে সিরিয়াল ভেঙে বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসের হেলপার নেছার উদ্দিন তাদের টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী বাসে উঠতে বলেন।

 

এ নিয়ে হেলপার ও চালক রাকিবের সঙ্গে ছাত্রদল নেতার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোলাইমান মিয়া উত্তেজিত হয়ে হেলপার ও চালককে মারধর করেন বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা রূপান্তর বাস সার্ভিস বন্ধ রাখা হয়। এতে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।

 

পরে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং বাস চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন। পাশাপাশি দুইপক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

 

রূপান্তর সার্ভিসের মালিক মিঠু মিয়া বলেন, চালক ও হেলপারকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক পরিস্থিতি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমান মিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

ওসি মো. শহীদুল ইসলাম বলেন, দুইপক্ষের লোকজনকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।