Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বক্তব্যে অসত্য তথ্য দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদ।

আজ রবিবার (২১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার (আইনজীবী) কায়সার কামাল।

প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিচ্ছেন। তিনি বলেন যে, বিরোধী দল মিছিল করছে কেন— মদের দাম বাড়ানো হয়েছে, সিগারেটের দাম বাড়ানো হয়েছে। এ রকম অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। আমরা আশাহত হই, যখন ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংক নিয়ে কথা বলতে চাই। তখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, "আপনারা যারা ঋণ নেন নাই, সবাই জমিদার।" এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মূলত ঋণখেলাপিদের উৎসাহিত করছেন।’

হান্নান মাসউদ বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট বিএনপি সরকারের একটি আকাঙ্ক্ষার দলিল হলেও, বাংলাদেশের বাস্তব পরিকল্পনার কোনো দলিল নয়। বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা পূরণ করা সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। সরকার রপ্তানি প্রবৃদ্ধি ৭ দশমিক ৯ শতাংশ ধরলেও গত বছর তা ছিল মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি থাকবে।’

শেখ মুজিবুর রহমানের নামকরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অতীতে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে দেখা যেত সবকিছু তাঁর নামে নামকরণ করা হতো। বর্তমানে আমাদের এই সংসদের একজন প্রতিমন্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাঁর অজান্তেই ১০ থেকে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়নের নাম নিজের পরিবারের নামে হয়ে যাচ্ছে।’