Image description

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রাঘাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক ছাত্র।

 

রবিবার (২১ জুন) সন্ধায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে বের হয় মাদরাসার ছাত্ররা। হঠাৎ অজুখানার ওপর বজ্রপাত হলে ৪ জন ছাত্র মারাত্মকভাবে আহত হয়।

পরে মাদরাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে জানান।

 

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বজ্রাঘাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।

 

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রাঘাতে আহত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত একজন ছাত্রের চিকিৎসা চলছে।