পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রাঙামাটি সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ি ও বাঙালিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্যবাসী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভোট দেয়নি। তিনি এই অঞ্চলের স্থায়ী বাসিন্দাও নন। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী, উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এতে মীর হেলালকে প্রতিমন্ত্রী করা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ও নীতিবহির্ভূত। তাকে দ্রুত অপসারণ করা না হলে পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট হতে পারে।
বক্তারা আরও অভিযোগ করেন, ষড়যন্ত্র করে অসুস্থতার অজুহাতে সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। তাকে স্বপদে বহাল না করলে তারেক রহমানের সরকারকে মাশুল দিতে হবে।
লংগদু উপজেলার কালা পোগোজ্জ্য মৌজার কার্বারি মীর সিরাজ ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন হেডম্যান প্রতিনিধি সুজিত দেওয়ান, জেলা বিএনপির মহিলা দলের সভাপতি নূর জাহান পারুল, কার্বারি সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা ও মহিলা হেডম্যান ম্যামাসিং মারমা।
কর্মসূচি শেষে পার্বত্য চুক্তি বাস্তবায়নের রোডম্যাপসহ ৫ দফা দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।