জামালপুরের মেলান্দহে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক এক ফুটবলভক্ত আনুষ্ঠানিকভাবে নিজের প্রিয় দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তবে শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি, দলবদলের এই সিদ্ধান্তকে স্মরণীয় করতে সাত লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের নতুন যাত্রা শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওর ওই যুবকের নাম স্বপন ইবনে মিজান। তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। কিন্তু চলতি আসরে ব্রাজিলের মাঠের পারফরম্যান্স দেখে হতাশ হন তিনি। অন্যদিকে লিওনেল মেসির নান্দনিক খেলা তার মন জয় করে নেয়। প্রথম ম্যাচ দেখার পরই ব্রাজিলের ওপর থেকে মন উঠে যায় তার। এরপরই তিনি দল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বপন এক বালতিতে (প্রায় ৭ লিটার) দুধ নিজের শরীরে ঢেলে গোসল করছেন। এ সময় তিনি ঘোষণা দেন, আজ থেকে তিনি আর ব্রাজিলের সাপোর্টার নন। দুধ দিয়ে গোসল করে অতীতের সব স্মৃতি ধুয়েমুছে তিনি এখন থেকে আর্জেন্টিনার সমর্থক।
এসময় ভিডিওতে স্বপনকে বলতে শোনা যায়, ব্রাজিলের খেলা দেখে আমার মন ভেঙে গেছে। অন্যদিকে মেসির খেলা দেখে আমার খুব ভালো লেগেছে। প্রথম খেলা দেখেই মনক্ষুণ্ণ হয়ে গেছি, তাই আজকে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দল সাপোর্ট করলাম। আশা করি এবারের বিশ্বকাপও তারাই জয়ী হবে।