বাংলাদেশ পুলিশের প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২ জুলাই থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি), বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, সিআইডির ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ সদর দফতরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে এবং সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে বদলি করা হয়েছে।
একই আদেশে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস এম মাহবুবুল আলমকে সিআইডিতে, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই বদলির আদেশ জারি করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে।