সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি ওই ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় তাইসির খানকে দলের সহ সাংগঠনিক পথ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে দুই পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এর পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।
সাভার মডেল থানার তদন্ত নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করো হয়েছে। তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহ সাংগঠনিক পদ থেকে তাইসির খানকে বহিষ্কার করা হয়েছে।