Image description

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রশাসক মো. আব্দুস সালাম। অদক্ষ ও দুর্নীতিবাজ কর্মীদের সরিয়ে দেওয়ার এই মিশনে দলীয় পরিচয়কেও ছাড় দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৭ জুন) এক অফিস আদেশে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন তত্ত্বাবধায়ক মো. আরিফ চৌধুরীকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে তিনি ১২তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে নেমে গেছেন।

​আরিফ চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি শ্রমিক দলের একাংশের সভাপতি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন প্রশাসককে চাপ প্রয়োগ করে কম্পিউটার অপারেটর থেকে এক লাফে পরিবহন তত্ত্বাবধায়কের চলতি দায়িত্ব বাগিয়ে নেন তিনি। এরপরই তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

আদালতের রায়ে ডিএসসিসির মেয়র পদ ফিরে পেয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নিতে পারেননি। এ নিয়ে ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে ডিএসসিসির স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।

অভিযোগ রয়েছে, অফিস বন্ধ থাকলেও ওই সময়ে জ্বালানি খরচ বাবদ কোটি টাকা উত্তোলন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে এই তেল কেলেঙ্কারির সঙ্গে আরিফ চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া যায়। তার বিরুদ্ধে দুদকে মামলাও চলমান রয়েছে।

​এছাড়া সদ্য সমাপ্ত ঈদুল আজহায় বর্জ্য বিভাগে চাহিদা মাফিক জ্বালানি সরবরাহ না করে তা চুরির অভিযোগ ওঠে আরিফ চৌধুরীর বিরুদ্ধে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দেয়। ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন। এসব অভিযোগ আমলে নিয়ে বর্তমান প্রশাসক তাকে পদচ্যুত করেন।

​ডিএসসিসির অফিস আদেশে বলা হয়েছে, পরিবহন পুলের সুষ্ঠু ও মানসম্মত কাজের স্বার্থে আরিফ চৌধুরীকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মূল কর্মস্থলে ফেরত পাঠানো হলো। একই আদেশে, তার সহযোগী অফিস সহকারী মো. ইমরান হোসাইনের সংযুক্তি আদেশ বাতিল করে সিভিল সার্কেলে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহম্মেদকে নতুন পরিবহন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।