ছাত্রী নিবাসের রিডিং রুমে কয়েকজন শিক্ষার্থী পড়ছিলেন। হঠাৎ এক ছাত্রীর চোখে পড়ে জানালা দিয়ে একটি সাপ ঢুকছে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। কেউ কেউ দৌড়ে বের হয়ে নিরাপদ অবস্থানে চলে যান। সাপটি রিডিং রুমের আলমারির নিচে ঘাপটি মেরে থাকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবাব ফয়জুন্নেসা হলের লাইব্রেরি কক্ষে সোমবার রাত ১২টার দিকে ঘটে এই ঘটনা। আধা ঘণ্টার মধ্যে সাপটি উদ্ধার করা হয়। এটা ছিল একটি অজগরের বাচ্চা। অবিষধর হলেও সাপটি ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
নবাব ফয়জুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী রিতা আক্তার জানান, ‘রিডিংরুমে সবাই পড়ছিলাম। হঠাৎ জানালা দিয়ে একটি সাপ ঢুকে পড়ে। আলমারির নিচে চলে যায় সাপটি। প্রথমে কোনো সাড়াশব্দ ছিল না, তবে কিছুক্ষণ পর একজন লেজ নাড়াতে দেখেছিল।’
সাপ উদ্ধারকারী সংগঠন সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়্যারনেসের (থ্রিএসএ) সদস্য মাহফুজ ইসলাম জানান, ‘হলটিতে তাদের একজন সদস্য রয়েছে। মধ্যরাতে হলের রিডিংরুমে সাপ দেখতে পেয়ে তিনি মুঠোফোনে আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ১২ টার মধ্যে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধার করা বাচ্চা অজগর সাপটিকে ক্যাম্পাসের নিরিবিলি জায়গা দেখে অবমুক্ত করে দেওয়া হবে।’