Image description

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় ওয়ার্ক পারমিট ব্যবস্থা সহজ ও দ্রুত করতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে।

 

নতুন এই উদ্যোগের ফলে বিদেশি কর্মী নিয়োগ, ভিসা প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান অনুমোদন আগের তুলনায় কম সময় ও কম জটিলতায় সম্পন্ন করা সম্ভব হবে।

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় গত ৮ জুন ওয়ার্ক পারমিট ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। নতুন এই উদ্যোগের ফলে বিদেশি কর্মী নিয়োগ, ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক জটিলতা কমানো, অপ্রয়োজনীয় কাগজপত্রের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীদের জন্য আরো সহজ পরিবেশ তৈরি করা হচ্ছে।

এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়াও আরো গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

 

নতুন ব্যবস্থার আওতায় অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কিছু পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে অধিকাংশ আবেদন ও অনুমোদন প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন করা যাবে।

 

বর্তমানে আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে বিদেশ থেকে কর্মী নিয়োগ, চাকরি পরিবর্তন, পার্ট-টাইম চাকরি, ফ্রিল্যান্সিং, শিক্ষার্থী কর্মসংস্থান, গোল্ডেন ভিসাধারীদের কাজের অনুমতি এবং গৃহকর্মীদের জন্য বিশেষ পারমিট উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই সংস্কার বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ আমিরাতে নির্মাণ, সেবা, পরিবহন, প্রযুক্তি ও গৃহস্থালি খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা নতুন কর্মীদের জন্য চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়াকেও উৎসাহিত করবে।

 

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ বেসরকারি খাতের টেকসই উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আধুনিক ও প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র : গালফ নিউজ