Image description

চলমান তারল্য সংকট ও অর্থ উত্তোলনের চাপে সৃষ্ট পরিস্থিতির মধ্যেও আগামীকাল থেকে গ্রাহকদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ইসলামী ব্যাংক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন।

 

রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে গভর্নর মোস্তকুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি । তার সঙ্গে ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ চলছে। বর্তমানে প্রতিদিন নিট ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ কোটি টাকা উত্তোলন হচ্ছে। তারপরও গ্রাহকদের সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আজ আমরা যে ধরনের সেবা দিতে পেরেছি, সোমবার তা আরও বাড়বে। গ্রাহকদের আরও ভালো সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ইসলামী ব্যাংককে নগদ সহায়তা (ক্যাশ সাপোর্ট) দিয়েছে। সেই অর্থের ব্যবহার এবং আগামী দিনে ব্যাংকের তারল্য চাহিদা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে।

ব্যাংকের বর্তমান অবস্থার বিষয়ে তিনি বলেন, আমাদের চলতি হিসাব এখন ইতিবাচক অবস্থায় রয়েছে। প্রযুক্তিগত ব্যবস্থাও দ্রুত সচল করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি চালু হবে।

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার বিষয়ে তিনি বলেন, এটি ব্যবস্থাপনার বিষয় নয়, বরং একটি রাজনৈতিক ইস্যু। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ব্যাংক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব হচ্ছে ব্যবসা ও গ্রাহকসেবা স্বাভাবিক রাখা।

ভারপ্রাপ্ত এমডি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এবং গ্রাহকদের সহযোগিতায় দ্রুতই ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে এবং সেবার মান আরও উন্নত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা পাওয়ার পর গ্রাহকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় আলতাফ হুসাইন বলেছেন, সাম্প্রতিক কয়েক দিনে ব্যাংকের কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং অনেক গ্রাহক প্রত্যাশিত সময়ে ব্যাংকিং সেবা নিতে না পারায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

তিনি বলেন, আপনাদের উদ্বেগ আমরা গভীরভাবে উপলব্ধি করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মকভাবে কাজ করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইসলামী ব্যাংক দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের অর্থনীতি, আমানতকারী, প্রবাসী আয় প্রেরণকারী এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য এ ব্যাংকের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আলতাফ হুসাইন বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং ব্যাংকের অভিভাবক হিসেবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদও সার্বিক পরিস্থিতি তদারকি করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।

গ্রাহকদের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংক অতীতেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। প্রতিবারই গ্রাহকদের সমর্থন ও আস্থার মাধ্যমে সেসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এবারও আমরা এই সাময়িক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব।

ভিডিও বার্তায় গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত এমডি বলেন, আপনাদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করুন। তবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ উত্তোলন থেকে বিরত থাকুন। আপনাদের সহযোগিতা পেলে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরে আসা সম্ভব হবে।