নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই যুবক ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল ৩টার দিকে দক্ষিণ কদমতলী নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন এলাকায় ঘটেছে এ ঘটনা। আদমজী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং একই এলাকার কিশোরী সুরাইয়া (১২)। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। নিহত রাশেদুজ্জামান গালিব ও সুরাইয়ার দুলাভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তিনজনই সাঁতার জানতেন। তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে তারা ঘাটের নিচ দিয়ে ডুব ও সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যান। ফিরে আসার সময়, ডুব দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর পানির ওপর ভেসে ওঠেননি। পরে স্থানীয়রা থানা পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও এক ঘণ্টা পর সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেছেন, ‘লেকের পানিতে তিনজন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিকাল ৫টার দিকে দুজন এবং ৬টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বললেন, ‘খবর পেয়ে উপপরিদর্শক নিরস্ত্র মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। শ্যালক ও শ্যালিকাকে নিয়ে ভগ্নিপতি রাশেদুজ্জামান লেকে গোসল করতে আসে। একপর্যায়ে তারা সবাই পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’