Image description

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলী চোরাকারবারে জড়িত ছিলেন।

শুক্রবার (১২ জুন) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসএফ চোরাকারবারি লক্ষ্য করে অবিবেচকের মতো গুলি ছোড়ে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজিবি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় মুজিব নিহত হওয়ার খবর পাওয়া যায়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-৪৬ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশি ছয়-সাতজনের চোরাকারবারি দল ভারতে প্রবেশ করে। ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাই মালামাল আনার জন্য সীমান্ত পিলার ১৮৫২/৫-এস থেকে অন্তত ৫০০ গজ ভারতের ভেতর লখাইরচর এলাকায় যায়।

সেখানে ১৯৯-ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের ওপর অবিবেচকের মতো দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে বাংলাদেশি চোরাকারবারি মুজিব আলী ঘটনাস্থলে মারা যান। অন্য চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে পালিয়ে এসে আত্মগোপনে চলে যান।

বিজিবি জানায়, নিহত মুজিব আলী কুলাউড়ার দত্তগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আগে থেকে ভারতীয় চোরাই মালামাল আনার সঙ্গে জড়িত।