Image description

নতুন বাজেটে নিত্যপণ্যের দামে স্বস্তির বার্তা দেওয়া হলেও রাজধানীর বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সবজির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডাল, ছোলা, চিনি ও সোনালি মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভোগান্তি বাড়ছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার করতে আসা অনেক ক্রেতা বলছেন, একটি পণ্যের দাম কমলেও অন্যটির দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ কমছে না।

বর্তমানে অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে শসার দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া বেগুন ৬০ থেকে ৭০ টাকা, লাউ ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা এবং ঝিঙে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের মতে, সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির বাজার নিয়ন্ত্রণে রয়েছে। তবে সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে দাম আবার বাড়তে পারে।

অন্যদিকে ডালের বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে। মোটা দানার মুগ ডাল কেজিপ্রতি ১০৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৯০ টাকা। চিকন দানার মুগ ডাল ১৬০ থেকে ১৭০ টাকা, মোটা দানার মসুর ডাল ১০০ টাকা এবং চিকন দানার মসুর ডাল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ছোলার দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ছোলা ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা চিনির দাম বেড়ে ১১০ টাকায় পৌঁছেছে, যা আগে ছিল ১০৫ টাকা।

মুরগির বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৬০ টাকায় স্থিতিশীল থাকলেও সোনালি মুরগির দাম সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকায় পৌঁছেছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়ছে। ফলে বাজেটে স্বস্তির ঘোষণা এলেও সাধারণ ভোক্তারা এখনো বাজারে সেই সুবিধা পাচ্ছেন না।

 

শীর্ষনিউজ